“ইউপি নির্বাচনে তৃণমূলের আস্থায় অলি”!

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৯:৪৭ অপরাহ্ণ

​

​রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল নয়, রাজনীতি হলো মানুষের বিশ্বাস অর্জন ও ত্যাগের এক অনন্য মহাকাব্য। এই অপ্রিয় বাক্যটির বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মো: অলিউল্লাহ অলি। বল্লভদী গ্রামের কৃতি সন্তান অলি তাঁর সততা, ত্যাগ, জনহিতৈষী কর্মকাণ্ড এবং তৃণমূলের অকৃত্রিম ভালোবাসায় আজ হাইজাদী ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা নিয়ে এখন ইউনিয়নের চায়ের কাপে ও ভোটারদের দ্বারে দ্বারে চলছে ইতিবাচক আলোচনা।

রাজনীতির হাতেকড়ি শিক্ষা অলি পেয়েছেন তাঁর পরিবার থেকেই। তাঁর বাবা মো: দেলোয়ার হোসেন ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। সেই আদর্শ ধারণ করে অলি নিজেও বিএনপির দুর্দিনে দলের পতাকা উঁচু করে ধরে রেখেছেন। দলের কঠিন সময়ে হাইজাদী ইউনিয়ন থেকে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ‘ধানের শীষের’ ঝান্ডা শক্ত হাতে ধরে রেখেছিলেন এই কারানির্যাতিত নেতা। বিএনপির রাজনীতি করতে গিয়ে তাঁকে বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হতে হয়েছে এবং একাধিকবার কারাবরণ করতে হয়েছে। তবুও আদর্শ থেকে একচুলও নড়েননি তিনি। স্থানীয় রাজনৈতিক মহলের ভাষ্যমতে, হাইজাদী ইউনিয়নে এমপি নজরুল ইসলাম আজাদের অন্ধ ও বিশ্বস্ত ভক্তদের তালিকায় অলির নামটি সবার উপরে। দলছুট বা নব্য বিএনপি নয়, বরং দীর্ঘদিনের পরীক্ষিত ও সাচ্ছা ‘আজাদপ্রেমী’ হিসেবে পুরো ইউনিয়নজুড়ে রয়েছে তাঁর বিশাল কর্মী বাহিনী।

বর্তমান সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও অলিউল্লাহ অলি সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমস্ত বিতর্কিত কর্মকাণ্ড ও চাঁদাবাজির বহু দূরে থেকে তিনি নিজ পকেটের অর্থ খরচ করে রাজনীতি চালিয়ে যাচ্ছেন। জনসেবার নামে অনেকে মসজিদ-মাদ্রাসায় বড় অঙ্কের অনুদানের ফাঁকা প্রতিশ্রুতি দিলেও পরে তা কেবল বাকির খাতাতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু অলির নীতি সম্পূর্ণ আলাদা; তিনি নগদ সহায়তায় বিশ্বাসী। তাঁর দান-দক্ষিণায় কোনো বাকির খাতা নেই—যা বলেন, তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করেন।

তৃণমূলের ভাষ্যমতে, অলির দানের হাত বেশ প্রশস্ত। ইউনিয়নের কোনো মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তিনি সাধ্যমতো সহযোগিতা নিয়ে দ্রুত তার দুয়ারে হাজির হন। কারো মেয়ের বিয়ের সহায়তার জন্য কেউ তাঁর কাছে গেলে তিনি কখনো খালি হাতে ফেরান না। এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে তাঁর নিবিড় সম্পৃক্ততা। শিক্ষানুরাগী এই নেতা নিজে যেমন বাবা-মায়ের আদর্শে সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে উঠেছেন, তেমনই আগামী প্রজন্মকে একটি শিক্ষিত জাতি হিসেবে দেখতে চান। সম্প্রতি তিনি এমপির দারস্থ হয়ে এলাকার একাধিক উন্নয়নমূলক কাজও সম্পন্ন করেছেন।

পুরো ইউনিয়নজুড়ে যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছেন অলি। কোমলমতি ও তরুণ কিশোরদের মাঝে নিয়মিত খেলাধুলার সামগ্রী বিতরণ করে তিনি ক্রীড়াপ্রেমী হিসেবেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। সবুজ সমারোহে ঘেরা হাইজাদী ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল স্বপ্ন।

সাদামাটা জীবনযাপন, সদালাপী আচরণ এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর গুণের কারণে দিনমজুর, কৃষক ও মেহনতীসহ সব শ্রেণির মানুষের কাছে অলির গ্রহণযোগ্যতা আকাশছোঁয়া। তাঁর বিরুদ্ধে অতীতেও কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই, আছে কেবল জনসম্পৃক্ততা ও সুখ্যাতি। তৃণমূলের নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ইউপি নির্বাচনে তাঁকে প্রার্থী করা হলে হাইজাদী ইউনিয়নে বিএনপি একটি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় ও সেবা নিশ্চিত করতে একজন সত্যিকারের জনদরদী প্রতিনিধি হিসেবে অলিউল্লাহ অলির বিকল্প দেখছেন না ইউনিয়নবাসী। তবে এখন দেখার বিষয় কে হচ্ছেন ধানের কান্ডারি।

 

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন