আসন্ন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ৯নং হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। এই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম—মো. জহিরুল ইসলাম। বিগত দিনে নানা রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও দমন-পীড়ন সহ্য করেও যিনি নিজের আপসহীন অবস্থান এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রেখেছেন, চায়ের কাপের আড্ডায় তাঁকে নিয়েই এখন চলছে ইতিবাচক আলোচনা। এলাকার মানুষের কাছে তিনি আজ এক ‘ক্লিন ইমেজ’ ও আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
মো. জহিরুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঐতিহাসিক ধন্দী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ক্বারী মিজানুর রহমান এবং মাতার নাম জামিলা খাতুন। শিক্ষাজীবনে তিনি ১৯৯৫ সালে কলতাপাড়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল এবং ১৯৯৭ সালে মতুর্জাবাদ আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করেন। পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হন।
রাজনীতির পাশাপাশি এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জহিরুল ইসলামের অবদান অনস্বীকার্য। তিনি বুরুমদী উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও বিনাপ্রতিদ্বন্দ্বীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও সফলভাবে সামলান। এছাড়া তিনি ধন্দী আল আকসা জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন শেষে বর্তমানে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর এই নেতৃত্ব স্থানীয়দের মাঝে তাঁকে এক গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত করেছে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত মো. জহিরুল ইসলাম দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সম্মুখসারির নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে। যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দল। যুগ্ম আহবায়ক, আড়াইহাজার উপজেলা যুবদল। সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা যুবদল।
আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের সময় রাজপথে সরব থাকার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয় জহিরুল ইসলামকে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, চাঁদাবাজি ও ককটেল হামলাসহ প্রায় ৭টি মিথ্যা মামলা দেওয়া হয়। ওই সময়ে বিএনপির অনেক নেতা তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য ও নিরাপদে বসবাস করলেও জহিরুল ইসলাম সবসময় ছিলেন আওয়ামীলীগের ‘ফুল নজরে’। মাসের পর মাস তাঁকে নিয়মিত হাজিরা দিতে হতো আদালতে। শত নির্যাতন ও হয়রানি সত্ত্বেও তিনি দলের আদর্শ থেকে একচুলও নড়েননি।
৫ আগস্টের পট পরিবর্তনের পর হাইজাদী ইউনিয়নের অনেক নেতা যেখানে চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, সেখানে মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে নেই কোনো ধরনের বিতর্ক বা দুর্নীতির অভিযোগ। তিনি সম্পূর্ণ পরিচ্ছন্ন ও সততার সঙ্গে নিজের অবস্থান বজায় রেখেছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, তিনি সুসময়ের নেতা নন, বরং দুঃসময়ের পরীক্ষিত ও আপসহীন সৈনিক।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই হাইজাদী ইউনিয়নের সর্বসাধারণের মাঝে এক প্রফুল্ল ও উৎসবমুখর চিত্র দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, স্থানীয় নেতৃত্ব ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তিনি ইতিমধ্যে এলাকার শান্তিপ্রিয় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের জোরালো বিশ্বাস, সৎ, সাহসী ও ত্যাগী এই নেতা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে হাইজাদী ইউনিয়ন একটি মডেল ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তরিত হবে এবং এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসবে।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ১০:৪৮ পূর্বাহ্ণ