নারায়ণগঞ্জ এ ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৬:২৬ অপরাহ্ণ

 

উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যদিও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ অক্টোবর, তবে বিশেষ কারণে পরদিন অর্থাৎ ১ নভেম্বর জাকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে জেলা আইনজীবী সমিতি ভবনে আলোচনা সভা এবং প্রীতি সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের আইনি অধিকার সুনিশ্চিত করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। আইনজীবীদের পেশাগত মর্যাদা ও ঐক্য বজায় রেখে আগামী দিনেও সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন