দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা যেন সাংগঠনিকভাবে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান। তিনি তাঁর পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় ও অনৈতিক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকার জেলা পরিষদের সামনে থেকে তাঁর এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে দলীয় নেতাকর্মী ও অনুসারীরা একটি বিশাল মৌন মিছিল বের করেন। মিছিলে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার প্রধান এসব কথা বলেন।
মিছিলটি নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে চানমারি রেললাইন অতিক্রম করে চাষাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।
বক্তব্যে আনোয়ার প্রধান বলেন, গত ৬ অক্টোবরের একটি ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একটি বিষয়ের পরিপ্রেক্ষিতে তাঁর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির সদস্যপদও স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দলের নেতাকর্মীদের কাছে বিচার চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সিদ্ধান্তটিতে ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তাঁর সঙ্গে রাজপথে নেমেছেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এসব নেতাকর্মী তাঁর সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ সময় তাঁরা নানা প্রতিকূলতা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। দলের দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের অবদান ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করা জরুরি।
আনোয়ার প্রধান আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাঁদের উপেক্ষা করা কিংবা দল থেকে দূরে সরিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁর মতো তৃণমূলের নেতাকর্মীরা যেন দলের অভ্যন্তরে অন্যায়ভাবে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে দলের নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

শহর প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ১০:৩২ অপরাহ্ণ