হাইজাদীতে সুবিধাবাদী রাজনীতির মহোৎসব: “আ’লীগ নেতা লিটন এখন বিএনপি এমপির শেল্টারে”

বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ । ২:০৬ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৯ নম্বর হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন মেরুকরণ ও চরম বিতর্ক। ক্ষমতা ও আধিপত্য টিকিয়ে রাখতে বহুরূপী রাজনীতির পশরা সাজিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় কমিটির সদস্য লিটন। অতীতে আওয়ামী লীগের এমপি ও প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ বলয়ে থেকে সুবিধা বাগিয়ে নেওয়া এই নেতা এখন রাতারাতি খোলস পাল্টে বর্তমান বিএনপি এমপির ‘শেল্টারে’ চেয়ারম্যান হওয়ার স্বপ্নে বিভোর।

স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাইজাদী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে প্রভাব বিস্তার করেছিলেন লিটন। সে সময় আওয়ামী লীগের সংসদ সদস্যের সাথে তার ছিল গভীর সখ্যতা ও প্রকাশ্য ওঠাবসা। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের অবস্থান নিরাপদ রাখতে ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতা বাগাতে তিনি এখন ভীড় জমিয়েছেন বিএনপির প্রভাবশালী এমপির বলয়ে।

বর্তমানে বিএনপির এমপির ছবি ব্যবহার করে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে পুরো হাইজাদী ইউনিয়ন সয়লাব করে দিয়েছেন লিটন। শুধু তা-ই নয়, এমপির ডান পাশে বসে বিভিন্ন সরকারি ও সামাজিক প্রোগামে তাকে অংশ নিতে দেখা যাচ্ছে নিয়মিত। ক্ষমতার এই নগ্ন রূপান্তর দেখে খোদ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে।

হাইব্রিড এই নেতার আগমনে ক্ষুব্ধ ত্যাগী ও কারানির্যাতিত বিএনপি নেতাকর্মীরা। তারা জানান, বিগত দিনে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদেরকে একপাশে ঠেলে দিয়ে লিটনের মতো একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতাকে নিয়ে মাতামাতি করছেন গুটিকয়েক ‘সুমনপন্থী’ বিএনপি নেতাকর্মী। অভিযোগ রয়েছে, বিপুল অঙ্কের টাকা ছিটিয়ে এবং বিএনপির ভেতরের একশ্রেণির সুবিধাভোগী চক্রকে ম্যানেজ করে মাঠে নিজের পাল্লা ভারী করার চেষ্টা করছেন লিটন।

এদিকে সচেতন রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে—হঠাৎ করে একজন আওয়ামী লীগ নেতাকে নিজ ছায়াতলে টেনে নিয়ে মাঠে নামানোর পেছনে বিএনপির স্থানীয় এমপির ভূমিকা ঠিক কী?

অভিজ্ঞ মহল মনে করছে, এমপি হয়তো লিটনকে মাঠে নামিয়ে নির্বাচনকে উত্তপ্ত করছেন এবং তার মাধ্যমে রাজনৈতিক দরকষাকষির শক্তি বাড়িয়ে নিচ্ছেন। টাকা এবং প্রভাবকে পুঁজি করে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করার এই পাঁয়তারা হাইজাদী ইউনিয়নের সাধারণ ভোটাররা ভালোভাবে নিচ্ছেন না।

হাইজাদী ইউনিয়নের সাধারণ জনগণ ও তৃণমূলের বিএনপি সমর্থকেরা জানান, বিগত সরকারের আমলে সুবিধাভোগী কোনো নেতার পুনর্বাসন তারা বরদাশত করবেন না। বহুরূপী লিটনের এই রাজনৈতিক ভেল্কিবাজি এবং টাকার জোরে চেয়ারম্যান হওয়ার চেষ্টাকে ভোটাররা ব্যালটের মাধ্যমে জবাব দেবেন বলে প্রহর গুনছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত লিটন ও স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে হাইজাদীর রাজনীতিতে এখন মূল আলোচনার বিষয়—আওয়ামী লীগের লিটন কি বিএনপির এমপির শেল্টারে শেষ পর্যন্ত চেয়ারম্যান পদ হাতিয়ে নিতে পারবেন, নাকি রাজপথের ত্যাগী নেতারাই শেষ হাসি হাসবেন?

 

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন