জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মনোনয়নপত্র সংগ্রহ করলেন খোকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এই আসন থেকে নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (NDF)-এর প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। জাতীয় পার্টির (একাংশ) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ১২২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন, যেখানে নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকার নাম নিশ্চিত করা হয়েছে।
লিয়াকত হোসেন খোকা জাতীয় পার্টির (জি এম কাদের) প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করলেও দলের অভ্যন্তরীণ কোন্দল ও জোট গঠন প্রক্রিয়ার ধারাবাহিকতায় তিনি আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’-এর ঝাণ্ডা তলে নির্বাচনে অংশ নিচ্ছেন।
লিয়াকত হোসেন খোকা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সোনারগাঁওয়ের রাজনীতিতে তার শক্তিশালী অবস্থান ও নিজস্ব ভোটব্যাংক রয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট থেকে তার মনোনয়ন পাওয়ার খবরে স্থানীয় সমর্থকদের মাঝে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। তবে এই আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান এবং অন্যান্য দলের প্রার্থীদের সাথে তাকে এক কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ১৮টি দল মিলে এই জোট গঠন করেছে যার মধ্যে ৬টি নিবন্ধিত দল রয়েছে। জোটের প্রার্থীরা মূলত ‘লাঙ্গল’ অথবা নিজ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন