নাঃগঞ্জ ক্লাব নির্বাচন, সভাপতি সোলায়মান।
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন এম সোলায়মান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বদুকে বিশাল ব্যবধানে পরাজিত করে তিনি এ জয় ছিনিয়ে আনেন।
শনিবার (২০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান আনিসুল ইসলাম সানি।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে এম সোলায়মান ১ হাজার ১৯৬ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদিউজ্জামান বদু পেয়েছেন মাত্র ৩৪৪ ভোট। উল্লেখ্য, গত নির্বাচনেও এম সোলায়মান ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ৯০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহাবুবুর রহমান মারুফ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাহফুজুর রহমান খাঁন মাহফুজ পেয়েছেন ৬৪২ ভোট।
সহ-সভাপতি পদে ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা। তার প্রতিদ্বন্দ্বী সায়দুল্লাহ রিদয় পেয়েছেন ৫৯০ ভোট।
পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন: ১. মোঃ জাহিদ হোসেন (১৪১৭ ভোট) ২. হারুণ অর রশিদ (১৩৫৫ ভোট) ৩. মোঃ আলতাফ হোসেন (১৩৩৯ ভোট) ৪. উজ্জ্বল হোসেন (১৩১৭ ভোট) ৫. অ্যাডভোকেট শেখ মোঃ গোলাম মোর্শেদ গালিব (১২৬২ ভোট) ৬. খাঁন আবদুল কাদির মাহবুব (বাবু) (১২৩৮ ভোট) ৭. কাজী আবদুস সাত্তার (১২২৮ ভোট) ৮. অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক (৯৯৭ ভোট) পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন অজিত কুমার সাহা (৯৬১ ভোট) ও দিলারা মাসুদ ময়না (৯৫০ ভোট)।
ফলাফল ঘোষণার পূর্বে নির্বাচন কমিশন প্রধান আনিসুল ইসলাম সানি বিজয়ী প্রার্থীদের ও সমর্থকদের আনন্দ উল্লাস না করার আহ্বান জানান। তিনি জানান, দৈনিক ইনকিলাবের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ইন্তেকাল করায় রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এই শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়োল্লাস থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন