ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গু*লি*বি*দ্ধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে জানিয়েছেন, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে।
সন্ধ্যার দিকে মি. হাদির অস্ত্রোপচার শুরু হয় এবং ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা এতে অংশ নিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন তিনি।
গত বছর জুলাই গণঅভ্যুথানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ।নিজেদের ‘অভ্যুত্থানে অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম’ বলে দাবি করে এই মঞ্চের অফিশিয়াল ফেসবুক পাতায় লেখা রয়েছে, “সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই” তাদের লক্ষ্য।
ওসমান হাদির জনসংযোগ বা পিআর টিমের প্রধান এবং ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রচার চালানোর সময় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়।


আপনার মতামত লিখুন