দেশে ফিরলেন এটিএম কামাল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও দেশে ফিরেছেন বিএনপি নেতা এটিএম কামাল। বুধবার (১০ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
পরে বিমানবন্দরে তাকে ফুলের শুভেচ্ছা জানান অনুসারী ও ঘনিষ্ঠ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, ফারুক হোসেন, মহানগর বিএনপি নেতা শাহরিয়ার চৌধুরী ইমন, মাকিদ মোস্তাকিম শিপলু, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু প্রমুখ।
এটিএম কামাল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে চিকিৎসার জন্য তিনি আমেরিকায় পাড়ি জমান। নয় মাস সেখানে থাকার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক দুই মাস আগে তিনি দেশে ফেরেন। তিনি সেবার নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশীও ছিলেন। কিন্তু ওই নির্বাচনে আসনটি নির্বাচনী জোটের শরিক দলকে ছেড়ে দেয় বিএনপি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই আবার দেশ ছাড়েন কামাল। ফেরেন আবার ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর। আওয়ামী লীগ সরকারের আমলে ওই নির্বাচন বয়কট করে বিএনপি। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদপ্রার্থী হন তৈমুর আলম খন্দকার। তিনি ওই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। সারাদেশে বিষয়টি আলোচিত হলে দল তাকে বহিষ্কারও করে।
কিন্তু তৈমুর আলমের ওই নির্বাচনে প্রধান নির্বাচনী এজেন্ট হন এটিএম কামাল। এতে এটিএম কামালও দল থেকে বহিষ্কার হন।


আপনার মতামত লিখুন