নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তল্লাশি চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ শ্রী সাগর চন্দ্র দাস (২৮) নামের এক কাভার্ডভ্যান চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকার বিআরটিসি বাস কাউন্টারের সামনে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে সকাল ৯টার দিকে ওই এলাকায় নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি হলুদ রঙের পণ্যবাহী কাভার্ডভ্যান থামানো হলে চালক গাড়িতে থাকা মালামালের বিষয়ে সন্তোষজনক তথ্য দিতে ব্যর্থ হন। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে তিনটি লাল ও একটি সাদা প্লাস্টিকের বস্তায় ভর্তি মোট ৬৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও একটি স্মার্টফোনও জব্দ করে র্যাব।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করা গাঁজার এই চালানটি ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।গ্রেপ্তার অভিযুক্ত শ্রী সাগর চন্দ্র দাসকে আইনি প্রক্রিয়ায় আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে তরুণ সমাজসেবক ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব মো. রাসেল ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। এলাকার সাধারণ ভোটার ও যুবসমাজের মাঝে তাকে নিয়ে তৈরি হয়েছে ইতিবাচক উদ্দীপনা।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, মো. রাসেল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা অনাচার থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে তিনি বিশেষ ভূমিকা পালন করে আসছেন। এলাকার তরুণ প্রজন্মের কাছে তিনি এক আস্থার প্রতীক।
এলাকাবাসীর একাংশ মনে করছেন, ৮নং ওয়ার্ডের বর্তমান প্রেক্ষাপটে একজন তরুণ, শিক্ষিত এবং জনমুখী নেতার প্রয়োজন রয়েছে। মো. রাসেল সেই জায়গায় একজন যোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে ইতিমধ্যেই তিনি ভোটারদের মন জয় করেছেন বলে স্থানীয়রা মত প্রকাশ করেছেন।
আসন্ন নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে মো. রাসেলের সাথে কথা বললে তিনি জানান, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হতে পারলে ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি সবসময় নিঃস্বার্থভাবে কাজ করে যাব।”
স্থানীয় মুরুব্বী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সৎ, উদ্যমী ও তরুণ নেতৃত্ব এলাকার উন্নয়নে নতুন গতি আনতে পারে। মো. রাসেলের এই প্রার্থিতা এবং জনসমর্থন ৮নং ওয়ার্ডের নির্বাচনী সমীকরণকে বেশ জমে তুলেছে, যা এখন এলাকাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
শহর ও বন্দরের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে শুরু হওয়া কদমরসুল সেতুর নির্মাণকাজ বন্ধ করতে এবার ধর্মীয় অনুভূতিকে পুঁজি করার অপচেষ্টায় নেমেছে একটি স্বার্থান্বেষী চক্র। অভিযোগ উঠেছে, শহরের চারারগোপ এলাকা থেকে ১ নং রেলগেট পর্যন্ত রেলের সম্পত্তি দখল করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়কারী চক্রটি নিজেদের অবৈধ আয় টিকিয়ে রাখতে একটি কথিত মাজারকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটির নির্মাণকাজ শুরুর আগ থেকেই এই চাঁদাবাজ চক্রটি নানা অজুহাতে প্রকল্পটি বন্ধের অপচেষ্টা চালিয়ে আসছিল। তবে দাপাড়ের মানুষের তীব্র প্রতিবাদের মুখে পড়ে তারা পিছু হটতে বাধ্য হয়। আড়ালে থেকেও সেতুর কাজ বাধাগ্রস্ত করার নানা চক্রান্ত করে ব্যর্থ হয় চক্রটি। বর্তমানে কোনো উপায় না পেয়ে শেষ চেষ্টা হিসেবে তারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সেতুর কাজ বন্ধের পায়তারা করছে।
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী উপন্যাস ‘লালসালু’-তে যেমন চল্লিশ – পঞ্চাশের দশকের গ্রামীণ সমাজে ধর্মভীরু মানুষের সরলতাকে পুঁজি করে এক কল্পিত মাজারের মাধ্যমে ‘মজিদ’ চরিত্রটি নিজের স্বার্থ হাসিল করেছিল, বর্তমান সময়ে এসেও এই চক্রটি ঠিক একই কায়দায় ধর্মীয় আবেগকে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের (শহর ও বন্দর) মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবে গত বছরের শেষের দিকে ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১,৩৮৫ মিটার দীর্ঘ কদমরসুল সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০২৮ সালে সেতুটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক মানের আধুনিক নকশায় নির্মিতব্য দেশের প্রথম এই কেবল-স্টেড (ঝুলন্ত) সেতুটি অত্যন্ত জনবহুল ও যানজটপূর্ণ এই শহরের মানুষের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার পাশাপাশি একটি নান্দনিক ও আইকনিক স্থাপনায় পরিণত হবে।
খোঁজ নিয়ে জানা যায়, কদমরসুল সেতুর পশ্চিম প্রান্তে অর্থাৎ শহর এলাকায় নির্মাণকাজে বাধা দিতে এখনো তৎপর রয়েছে চক্রটি। সম্প্রতি শহরের কালিরবাজার চারারগোপ এলাকায় রাস্তার মাঝখানে সরকারি জায়গায় অবস্থিত একটি তথাকথিত মাজারকে সামনে রেখে সেতুর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মাসিক চাঁদাবাজির পথ খোলা রাখতেই চক্রটি কয়েকজন ব্যক্তিকে সামনে এনে এই ধর্মীয় ইস্যু তৈরি করতে চাইছে।
স্থানীয় প্রবীণ বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ওই স্থানে কোনো সুফি, সাধক বা অলিআউলিয়ার মাজার কিংবা কবর নেই। তিন দশক আগেও সেখানে এমন কোনো স্থাপনা ছিল না। মূলত গত এক দশকে কয়েক দফায় অবকাঠামো পরিবর্তন করে সেটিকে মাজারের রূপ দেওয়া হয়েছে, যা নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে।
সম্প্রতি সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের উপস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানও গণমাধ্যমের সামনে স্পষ্টভাবে জানান যে, ওই স্থানে কোনো মাজারের অস্তিত্ব নেই।
সচেতন মহল ও ধর্মীয় চিন্তাবিদদের মতে, তর্কের খাতিরে সেখানে কোনো মাজার থেকে থাকলেও জনস্বার্থে ও ইসলামের বিধান অনুযায়ী তা স্থানান্তরের সুযোগ রয়েছে। সরকারি জায়গা দখল করে রাস্তার মাঝখানে স্থাপনা রেখে জেলার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি দূর করার এই মেগা প্রকল্প বাধাগ্রস্ত করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং সাধারণ মানুষও তা মেনে নেবে না।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লাইসেন্স নবায়ন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত ১৯টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টিরই লাইসেন্স নবায়ন না থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাইসেন্স নবায়ন না থাকা প্রতিষ্ঠানগুলোর মালিকরা কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কায় প্রশাসনের বিভিন্ন মহলে যোগাযোগ ও তদবির চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করেই কীভাবে হাসপাতালের কার্যক্রম চালু রাখা যায়, সে বিষয়ে তারা তৎপর রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তালিকা অনুযায়ী, আড়াইহাজার উপজেলায় ১৯টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর ছিল ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছর। নিয়মানুযায়ী, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই।
নবায়ন না থাকা ও মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে— এ টু জেড ডিজিটাল হাসপাতাল, আই হাসপাতাল অ্যান্ড ফাকো সেন্টার, মা ও শিশু হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফয়সাল হাসপাতাল, হাজী আব্দুল মালেক প্রধান আধুনিক হাসপাতাল, জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব, নূরজাহান হাসপাতাল, পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক, প্রবাসী হাসপাতাল এবং কনফিডেন্ট মেডিকেল সেন্টার। এছাড়া তালিকায় আড়াইহাজার পপুলার হাসপাতাল ও আড়াইহাজার ইসলামিয়া কেয়ার হাসপাতালের নাম থাকলেও সরবরাহকৃত তালিকায় সেগুলোর নবায়নের কোনো তথ্য উল্লেখ নেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়। জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, বৈধ লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না এবং আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আড়াইহাজার উপজেলা এলাকায় ‘প্রবাসী কল্যাণ হাসপাতাল’ নামের আরেকটি প্রতিষ্ঠানের লাইসেন্স বা অনুমোদনের কোনো তথ্য সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় পাওয়া যায়নি। সম্প্রতি এই হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নার্গিস আক্তার (৩৫) নামের এক প্রসূতির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আরিফুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। প্রতিটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাওয়াদ হোসাইন বলেন, জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধিবিধান মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, প্রয়োজনীয় অনুমোদন বা ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
আপনার মতামত লিখুন