আগামীকাল মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভা
আগামী বৃহস্পতিবার, (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে এক ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় জনগণের প্রত্যাশা, দাবি, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং রাজনৈতিক অঙ্গীকারকে কেন্দ্র করে আয়োজিত এই মহাসমাবেশটি দুপুর ২:৩০ মিনিটে বরফকল মাঠে (নগর খানপুর) শুরু হবে। এতে অংশ নিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান। সমাজ উন্নয়ন ও যুবসমাজকে এগিয়ে নিতে এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তাঁর ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত। তিনি জনসভায় এলাকার উন্নয়ন, নাগরিক সেবা, কর্মসংস্থান ও শিক্ষাখাতসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইসলাম আজাদ, সহ- সাংগঠনিক সম্পাদক, বিএনপি (ঢাকা বিভাগ) তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং মুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এছড়াও, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ – মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতা-কর্মীরা – এই নির্বাচনী আয়োজনে সার্বিকভাবে উপস্থিত থাকবেন ।
নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ আসন্ন জনসভাকে কেন্দ্র করে নতুন আশাবাদে উজ্জীবিত। স্থানীয় রাজনীতির পরিবর্তন, উন্নয়ন ও অগ্রগতির নতুন সম্ভাবনা নিয়ে আয়োজিত এই জনসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজক কমিটি সকলকে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নিতে এবং গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন