খুঁজুন

বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্ধোধন করলেন মাসুদুজ্জামান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ
বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্ধোধন করলেন মাসুদুজ্জামান

 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়েছে। বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলামী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজনটি বর্ণাঢ্য হয়ে ওঠে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খানপুরের বরফকল এলাকার করবী সিটি প্লাজার দ্বিতীয় তলায় কার্যালয়টি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমি জাতীয়তাবাদী দলের মনোনীত একজন প্রার্থী হয়েছি। আমাদের সামনে নির্বাচন, এবং এই নির্বাচনটি কীভাবে করা হবে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজপথ নয়, এখন মানুষের দোরগোড়ায় যেতে হবে। মানুষ প্রার্থীকে দেখতে চায়, তার পরিকল্পনা জানতে চায়। তারপরই তারা ভোটের সিদ্ধান্ত নেয়। আপনারা আজকের পর থেকেই ছোট ছোট গ্রুপে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাবেন।”

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি। এখন আমাদের দায়িত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছানো। পজিটিভভাবে কাজ করতে পারলে অবশ্যই ধানের শীষ সর্বোচ্চ ভোটে জয়ী হবে।”

ঐক্যের গুরুত্ব তুলে ধরে মাসুদুজ্জামান বলেন, “মহানগরের সবাই একসঙ্গে পরিকল্পনা করলে সাধারণ মানুষ ও ভোটারদের কাছে ইতিবাচক বার্তা নিয়ে পৌঁছানো সম্ভব। যদি বিএনপি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই ধানের শীষ বিজয়ী হবে। আমি এ কথাটি তারেক রহমানকে বলেছি—আপনারা সেই কাজটিই করবেন, যেন তাকে বিজয় উপহার দিতে পারি।”

তিনি জানান, “নারায়ণগঞ্জ-৫ আসনের প্রচারণার জন্য একটি কেন্দ্রীয় অফিসের প্রয়োজন ছিল। আজ তা পূরণ হয়েছে। কিছু ভুলের কারণে অনেকে উপস্থিত থাকতে পারেননি, তবে আমি আশা করি সামনে সবাই একসঙ্গে যুক্ত হবেন।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, ফারুক হোসেন, গোলাম নবী মুরাদ, শওকত হোসেন শকু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন প্রমুখ।

শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন এটা হাস্যকর : সোহেল ​

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন এটা হাস্যকর : সোহেল  ​

​

​আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চলমান রাজনৈতিক আলোচনাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম সোহেল।

​সম্প্রতি আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। একেএম সোহেলের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরার কোনো ভিত্তি নেই এবং এ ধরনের প্রচারণা কেবল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।

​বক্তব্যে একেএম সোহেল বলেন, “গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন কথা সম্পূর্ণ অবাস্তব ও হাস্যকর। দেশের জনগণ এখন আর কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবে না।”

​তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে। বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের গুজব ও ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

শেষ পর্যন্ত কে থাকছেন মাঠে? ​

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
শেষ পর্যন্ত কে থাকছেন মাঠে?  ​

​

​আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৯ নম্বর হাইজাদী ইউনিয়নে নির্বাচনী হাওয়া তীব্র আকার ধারণ করেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাথে এই নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারিত থাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান সমীকরণ। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য একাধিক প্রার্থীর আত্মপ্রকাশ ঘটেছে। এরই মধ্যে ব্যানার, ফেস্টুন, উঠান বৈঠক এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন প্রার্থীরা।

স্থানীয় রাজনৈতিক ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্তত অর্ধডজন হেভিওয়েট সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছেন—উপজেলা যুবদলের সভাপতি অলি উল্লাহ অলি, জহিরুল ইসলাম জহির, এখলাস উদ্দিন লিটন, জাকির হোসেন ভূঁইয়া, মামুন মাহমুদ এবং মেহেদী হাসান রানা।

এলাকার হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা—কে পাচ্ছেন দলীয় বা স্থানীয় জোটের সমর্থন আর শেষ পর্যন্ত কারা থাকছেন চূড়ান্ত ভোটের লড়াইয়ে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে স্থানীয় যুবদলের সভাপতি অলি উল্লাহ অলি দলীয় নেতাকর্মী ও তরুণ ভোটারদের নিয়ে জোরালো গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়াও তৃণমূলের সমর্থন আদায়ে এলাকায় নিয়মিত সময় দিচ্ছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে জোড়ালো অবস্থান তৈরি করেছেন।

এছাড়াও জহিরুল ইসলাম জহির, এখলাস উদ্দিন লিটন, মামুন মাহমুদ এবং মেহেদী হাসান রানা নিজ নিজ বলয়ের কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে সরব রয়েছেন। তবে প্রার্থীদের কারও কারও অতীত রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়েও স্থানীয় মহলে চুলচেরা বিশ্লেষণ ও বিতর্ক চলছে।

একই ইউনিয়নে এতগুলো প্রভাবশালী প্রার্থী মাঠে নামায় হাইজাদী ইউনিয়নে এক ধরনের ‘প্রার্থী জট’ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২১ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী চূড়ান্ত করা না গেলে বা শেষ মুহূর্তে রাজনৈতিক সমঝোতা না হলে ভোটের মাঠে বড় ধরনের বিভাজন তৈরি হতে পারে। এতে মূল প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা দেখছেন দলীয় কর্মীরা।

সাধারণ ভোটাররা বলছেন, এবার তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পেশিশক্তি নয়, বরং এলাকার অবকাঠামোগত উন্নয়ন, মাদক নির্মূল এবং জনসাধারণের বিপদে-আপদে যাকে সবসময় পাশে পাওয়া যাবে—এমন যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকেই ইউনিয়ন পরিষদের হাল ধরার জন্য বেছে নেবেন।

ঘোষিত তফসিল ও নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলোর হাইকমান্ডের সিদ্ধান্ত এবং স্থানীয় সমীকরণের ওপর নির্ভর করছে—এই ছয় প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত কারা মূল লড়াইয়ে টিকে থাকবেন আর কারা ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবেন।

আড়াইহাজারে আইনশৃঙ্খলার চরম অবনতি, ডাকাত আতংকে এলাকাবাসী। ​

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ
আড়াইহাজারে আইনশৃঙ্খলার চরম অবনতি, ডাকাত আতংকে এলাকাবাসী।  ​

​

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও তা রোধে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাতের আঁধারে ভৈরবদী গ্রামে একযোগে একাধিক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক চরমে পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে আড়াইহাজার উপজেলার ভৈরবদী গ্রামের জামাল উদ্দিন ভূঁইয়ার বাড়ি, আমানের বাড়ি এবং কামালের ঘরে একযোগে এই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল অতর্কিতভাবে এসব বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এই আকস্মিক তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, এলাকায় অপরাধপ্রবণতা দিন দিন বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকায় নেই নিয়মিত পুলিশ টহল, নেই কোনো তল্লাশি চৌকি বা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ।

স্থানীয়দের আরও অভিযোগ, এলাকার চিহ্নিত অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এমনকি হত্যা মামলার আসামিরাও প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতারে রহস্যজনক গড়িমসি দেখা যাচ্ছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিলের ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা রয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে কোনো ধরনের চিরুনি অভিযান না থাকায় তরুণ প্রজন্ম অপরাধের দিকে ঝুঁকে পড়ছে, যা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

রাতের আঁধারে সংঘবদ্ধ ডাকাত চক্রের এমন বেপরোয়া তাণ্ডব এবং প্রশাসনের এমন নিরবতায় পুরো গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। রাতের বেলায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে এলাকাবাসী নিজেদের উদ্যোগে পাহারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অবিলম্বে এলাকায় পুলিশের টহল জোরদার, মাদকবিরোধী অভিযান এবং হত্যা মামলার আসামিসহ দাগী অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় জনতা।

শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন এটা হাস্যকর : সোহেল ​ শেষ পর্যন্ত কে থাকছেন মাঠে? ​ আড়াইহাজারে আইনশৃঙ্খলার চরম অবনতি, ডাকাত আতংকে এলাকাবাসী। ​ ১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন। আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।