ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গেজেটে নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় ১০২ নম্বরে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। যা এবার নিবন্ধিত রাজনৈতিক দলের একটিকে বরাদ্দ দেওয়া যাবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগের ২৪ সেপ্টেম্বর জারি করা এস.আর.ও. নং ৩৮১-আইন/২০২৫ বাতিল করা হয়েছে এবং নতুন সংশোধিত তালিকাটি কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত নির্বাচন কমিশনের এস.আর.ও. নং ৪৩১-আইন/২০২৫ প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’–এর সংশোধনের মাধ্যমে প্রতীক তালিকায় নতুন সংযোজন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮–এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য প্রাপ্য প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে। এই তালিকায় ১ নম্বর থেকে ১১৯ নম্বর পর্যন্ত মোট ১১৯টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন